কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (৩৫) জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত।
কলেজ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২২ খ্রিঃ থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে। কি কারনে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.