এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ অভিমুখে আসতে শুরু করেন। সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ময়দানে প্রবেশ করছেন। সকাল হওয়ার আগেই ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
টিকাটুলির কেএম দাস লেনের বাসিন্দা ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফিন ওমর কাজী বলেন, "হাজারো মানুষের সঙ্গে নামাজ আদায়ের অনুভূতিই আলাদা। এই আনন্দ ভাগ করে নিতেই ভোরে চলে এসেছি।" অন্যদিকে, চকবাজার থেকে আসা মুস্তাফিজুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে এসেছেন শৈশবের স্মৃতি পুনরুজ্জীবিত করতে।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে শরিক হয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.