রাজধানীর গাবতলী এলাকায় প্রতারণার ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেওয়ার সময় ৫ সদস্যের একটি প্রতারক চক্রকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি আইফোন, নগদ ১০ হাজার ৫০০ টাকা এবং দুটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে গাবতলী গরুর হাট ক্রসিং গোলচত্বর দ্বীপনগর ট্যাংগো-১ এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আটককৃতরা একটি আইফোন বিক্রির প্রলোভন দেখিয়ে দুই ভুক্তভোগীকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কৌশলে তাদের কাছ থেকে বিকাশে ৪ হাজার ৫০০ টাকা এবং নগদসহ মোট ১০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। একই সঙ্গে তাদের দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে।
ভুক্তভোগীদের চিৎকারে দায়িত্বে থাকা ট্রাফিক দারুস সালাম জোনের সার্জেন্ট তানজীদ আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করার চেষ্টা চালান। এ সময় দারুস সালাম থানা পুলিশের সহযোগিতা চাওয়া হলে গাবতলী টার্মিনাল পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে সহায়তা করে। পরবর্তীতে আটক ৫ জন, উদ্ধারকৃত নগদ টাকা, একটি আইফোন এবং দুটি মোটরসাইকেল গাবতলী টার্মিনাল পুলিশ ফাঁড়ির এএসআই রইস উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.