জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় ওই নারীর সঙ্গে তিনটি শিশুসন্তানও ছিল।
তাহমিনা আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। সন্তানদের তিনি স্বেচ্ছায় সঙ্গে এনেছেন বলেও জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই নারী আওয়ামী লীগের নামে লিফলেট বহন করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে তার সঙ্গে থাকা শিশুদের আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.