পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে
১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাত পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের
সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) দিনব্যাপী পুরান ঢাকার বিভিন্ন থানা এলাকায় লালবাগ বিভাগের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে
লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের এ রায় প্রদান করেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মোট ১৯ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে দশ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.