রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩.৩৫ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগেরউপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিলন মোল্লা (৪০), মোঃ মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মোঃ তরিকুল ইসলাম (৩২), মোঃ ফাহিম আশরাফ (৩৫), মোঃ রাকিব হোসেন (৪৫), মোঃ শহিদুল ইসলাম (৫৫) ও মোঃ আওয়াল তালুকদার (৪৮)।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫:১০ ঘটিকায় গুলশান থানাথীন গুলশান-২ এর ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একইদিন দিবাগত রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মোঃ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.