বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ৮.৩৭ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জব্বার আহমেদ।
তিনি জানান, সোমবার (৬ এপ্রিল) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী মুকুন্দপুর এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল তাৎক্ষণিক ধাওয়া করে লক্ষীবাজার এলাকা হতে একটি পিকআপসহ উন্নতমানের ১ হাজার ১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা।
জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জব্বার আহমেদ জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার অধীনস্থ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.