রাজধানীর তুরাগের একটি বস্তিতে ভয়াবহ অগ্নকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনের লেলিহান শিখায় বস্তির অন্তত ৩০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপনে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ির বামনাটেকে অলি মাতবরের বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে ধোঁয়ার কুন্ডলি ও আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণভয়ে বস্তির অধিকাংশ বাসিন্দা দ্রুত ঘর থেকে রাস্তায় নেমে স্থানীয়দের সহায়তায়
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চালায়। তখন বস্তিবাসীসহ আশপাশে অগ্নি আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রাত ৮.১০ ঘটিকায় আগুন পুরোপুরি নির্বাপনে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬.২৬ ঘটিকার সময় আগুন লাগার এ সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট সন্ধ্যা ৬.৪০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর টানা একঘন্টার চেষ্টায় রাত ৭.১০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা।
মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, উত্তরা ফায়ার স্টেশনের ২টি ও টঙ্গী ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। রাত ৮.১০ ঘটিকার সময় আগুন পুরোপুরি নির্বাপনে সক্ষম হয় অগ্নি নির্বাপক কর্মীরা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেড বস্তির অন্তত ৩০টি ছোট ছোট ঘর পুড়ে গেছে। তবে এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.