ফিলিস্তিন ও লেবাননে হামলার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার (১২ এপ্রিল) ইস্তাম্বুল-এ এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সূত্র: জেরুজালেম পোস্ট।
তিনি বলেন, ইসরাইল মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা চালিয়ে যাচ্ছে।
এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুলসংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে “বর্বরতা” হিসেবে আখ্যা দেন।
এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া একটি বিতর্কিত আইনের সমালোচনা করে বলেন, এটি মূলত ফিলিস্তিনি বন্দীদের লক্ষ্য করেই তৈরি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি।”
তার মতে, এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্ককে আরও শক্তিশালী হতে হবে এবং তা বাস্তবায়নে কোনো বাধা নেই।
এরদোয়ানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু। তিনি তুর্কি প্রেসিডেন্টকে “ভণ্ড” বলে আখ্যা দেন। এলিয়াহু তুরস্কের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে সাইপ্রাস-এ সামরিক হস্তক্ষেপ এবং কুর্দিদের প্রতি আচরণের সমালোচনাও তুলে ধরেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.