কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কে রাতভর নির্ঘুম রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা জানায়,
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা গেছে। এ সময় কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এবং অপর সশস্ত্র গোষ্ঠী এআরএ সদস্যরা। সংঘর্ষ চলাকালে দুপক্ষের মধ্যে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময়ে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে উখিয়ার বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ মিয়ানমারের অভ্যন্তরের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছি। রাতে আর ঘুমাতে পারেনি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।
উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। স্থানীয় বাসিন্দাদের সর্তক থাকতে বলেছি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি হয়েছে। তবে আমরা সীমান্ত এলাকায় সর্তক অবস্থায় আছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.