রাজধানী মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এরা হলো- মোঃ আসমাউল ইসলাম (৩০), মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মোঃ হুমায়ুন কবির খান (৫৯)। শনিবার (২ মে) রাত ৯ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২.০০ ঘটিকা হতে ৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। উক্ত ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্থ এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকী ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, শনিবার (২ মে) আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদপ্তরে কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি মোঃ আসমাউল ইসলামকে মিরপুর-২ নং এলাকা হতে গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে উক্ত ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ একই দিন ৪:৩০ ঘটিকার সময় মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মোঃ হুমায়ুন কবির খানকে (৫৯) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.