দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-কে বাল্যবিবাহমুক্ত গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের স্বাভাবিক শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের সচেতনতামূলক বক্তব্য মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিবাহ নিবন্ধকদের আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না।
সভাপতির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তিনি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে বিবাহ নিবন্ধক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সঠিক বয়স যাচাই করে বিয়ে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.