রাজধানীর পল্লবীতে আবারো একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ।তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে সেলিনা আফরোজ কানাডা থেকে দেশে ফিরে আসেন।এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈত্রিক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার স্বামী মমিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একাকী বসবাসরত এই নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.