পবিত্র ১০ মহররম বা আশুরা ইসলামি ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিভিন্ন স্থানে মিম্বার নির্মাণ করা হয়েছে। এসব মিম্বার থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হবে।
এ উপলক্ষে বুধবার জেনেভা ক্যাম্পের বিভিন্ন মিম্বার পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট আয়োজকদের মাঝে সহায়তা উপহার বিতরণ করেন।
জাহিদ হোসেন মোড়ল বলেন, আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। দিনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও জানান, আশুরা উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একাধিক ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় জেনেভা ক্যাম্পের বিভিন্ন মিম্বারের দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে আশুরার কর্মসূচি সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.