রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরী রোকেয়া চত্বরস্থ সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনের সময় তার নজর কাড়ে কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে জমে থাকা ধুলোর স্তর। চতুর্থ তলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলোবালি লক্ষ্য করেন মন্ত্রী। এসময় মন্ত্রী নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে তো মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে মন্ত্রী স্যার ধুলা দেখেছেন তার একটি শহর সমাজসেবার এবং আরেকটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীনে। এরপরেও মন্ত্রী স্যারের নির্দেশনা মোতাবেক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্ অ্যাডভেোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ অন্যরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.