ম্যাচের শুরুতে মরক্কো শিবিরে ধাক্কা লাগে। ২২ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলটির আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি। ওই ধাক্কা সামলে কানাডার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আফ্রিকার দল মরক্কো। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে শুরু হওয়া ম্যাচে বলের দখল, আক্রমণে শুরু থেকে মরক্কোর সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে কানাডা। বিশ্বকাপে প্রথমবার গ্রুপ ম্যাচ জয়ের পর নকআউট পর্বে এসে ইতিহাস গড়েছিল তারা। শেষ ষোলোর ম্যাচ খেলা ছিল বাড়তি পাওনা। ওই লড়াইয়ে প্রথমার্ধে গোল শূন্য সমতা রাখে বিশ্বকাপের স্বাগতিক দেশটি।
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। এই জয়ে আফ্রিকার প্রথম এবং একমাত্র দল হিসেবে দুই ভিন্ন বিশ্বকাপে শেষ আটে খেলার অনন্য কীর্তি গড়েছে আটলাস লায়ন্সরা।
প্রথমার্ধে গোল না পেলেও মরক্কোকে বেশ চাপে রেখেছিল কানাডা। তবে দ্বিতীয়ার্ধে রীতিমতো উড়ে গেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি। আজ্জেদিন উনাহির জোড়া গোলে কানাডাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে মরক্কো। ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চেয়েছিল মরক্কো। তবে পাঁচ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা।
ম্যাচের ১১ মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুল থেকে ম্যাচের সেরা সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেইয়ের নিচু শট পা বাড়িয়ে অসাধারণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।
দুই দলই বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। আর অতিরিক্ত সময়ে কানাডার কফিনে শেষ পেরেক ঠোকেন সুফিয়ান রাহিমি। এতেই ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো মরক্কো। চার বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সাফল্যের পুনরাবৃত্তি করলো তারা। ফলে টানা দুই বিশ্বকাপে শেষ আটে ওঠার নজির গড়লো উত্তর আফ্রিকার দেশটি।
এর আগে, বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার চারটি দেশ একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল, ২০১০ সালে ঘানা এবং ২০২২ সালে মরক্কো শেষ আটে পৌঁছায়। তবে এই কৃতিত্ব একাধিকবার অর্জন করতে পারেনি কোনো দল।
কানাডার বিপক্ষে দাপুটে ৩-০ ব্যবধানের জয় সেই ইতিহাস বদলে দিয়েছে। মরক্কো এখন আফ্রিকার একমাত্র দল, যারা দুইবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুধু তাই নয়, তারা টানা দুই আসরেই শেষ আট নিশ্চিত করে মহাদেশটির ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। ২০২২ সালে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল মরক্কো। ২০২৬ আসরেও একই ধারাবাহিকতা ধরে রেখে দলটি প্রমাণ করল, তাদের আগের সাফল্য কোনো অঘটন ছিল না; বরং আন্তর্জাতিক ফুটবলে তারা এখন আফ্রিকার সবচেয়ে ধারাবাহিক শক্তিগুলোর একটি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.