মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্ত্রী আছমা আক্তার (২৬) হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। অভিযুক্ত মুহাসিন স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে পরিচিত।
পিবিআই জানায়, গত ৬ জুলাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আছমা আক্তারের ভাই মো. শামীম তালুকদার টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পিবিআই মুন্সীগঞ্জের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ এবং বৈজ্ঞানিক তদন্ত শুরু করে। পরবর্তীতে পিবিআই স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।
তদন্তে জানা যায়, পূর্ব বলিয়াগাঁও এলাকায় ভাড়া বাসায় স্বামী মুহাসিন মাতুব্বর, স্ত্রী আছমা আক্তার এবং তাদের চার বছর বয়সী কন্যাকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে আছমার পূর্ববর্তী বিবাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পিবিআইর তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন সকালে নাস্তা প্রস্তুত না থাকা নিয়ে পুনরায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করেন। পরে ধাক্কা দিলে আছমা ঘরের কাঠের পাটাতনের ওপর পড়ে গুরুতর আঘাত পান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে নিহতের গলায় ওড়না পেঁচিয়ে রাখার চেষ্টা করেন অভিযুক্ত। তবে পরিকল্পনা সফল না হওয়ায় মরদেহ খাটে রেখে চার বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এরপর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৭ জুলাই গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে মুহাসিন মাতুব্বরকে গ্রেফতার করে পিবিআই মুন্সীগঞ্জ।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
শি/পা
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.