কুমিল্লার তিতাসে চাঞ্চল্যকর নজরুল ইসলাম ভূইয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম ভূইয়া (৩৮) গত ৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে পুরান বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন।
৮ আগস্ট নিহতের বাবা তিতাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। থানার পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। সিডিআর বিশ্লেষণে একাধিক সন্দেহজনক নম্বর চিহ্নিত হলেও তা বন্ধ পাওয়া যায়। ওই নম্বরের নিবন্ধিত মালিক জানান, নম্বরটি এক বছর আগে হারিয়ে গেছে।
পরে কুমিল্লা ও দাউদকান্দির গৌরীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় মজিদপুর মধ্যপাড়ার মজু মিয়ার ছেলে মো. হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতি আক্তার (২৫) কে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, পূর্বপরিকল্পিতভাবে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে নজরুলকে বাসায় ডেকে এনে লোহার কুড়াল দিয়ে মাথায় কোপ মেরে হত্যা করে।পরে ধারালো ছুরি ও কুড়াল দিয়ে লাশের মাথা, দুই হাত ও দুই পা কেটে চারটি বস্তায় ভরে ইট ও পানির বোতলসহ পাশের খালে নিক্ষেপ করে।
আসামিদের দেওয়া তথ্যেমতে মজিদপুর-সাহাবৃদ্ধি খাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা দুটি কাটা হাত, হত্যায় ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল উল্লাহ ব্রিফিং করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.