দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হওয়া দুইটি মৃত্যুই ঢাকা বিভাগে ঘটেছে। একই সময়ে সবচেয়ে বেশি ৯৫ জন রোগীও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশালে ৫৮ জন, খুলনায় ৩৮ জন, রংপুরে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.