রাজধানীর মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় নাশকতার প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৫) ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে কিলো ৭১, লিমা ৭১ ও হোন্ডা মোবাইল ৭১ ইউনিট যৌথভাবে অভিযানে অংশ নেয়। রাত ৪টা ২০ মিনিটের দিকে বাউন্ডারি রোডের বাসা নং ৮৯, ভিলা ম্যাগনোলিয়া বিল্ডিংয়ের সামনে সন্দেহজনক কিছু লোককে দেখতে পায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মো. বাচ্চু (৪০) ও হৃদয় পারভেজ টিটু (৩৩)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ও আশপাশের এলাকা থেকে একটি লোহার রড, একটি চাপাতি, একটি কাঠের লাঠি, দুটি লোহার পাইপ, একটি অবিস্ফোরিত ককটেল এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০টি পোস্টার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাশকতার পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল। আটকরা পুলিশকে আরও জানায়, তাদের সঙ্গে স্থানীয় যুবলীগের রাসেদ (৩৫), রাকিব (৩২), হুমায়ুন শুটার (৩২), নূর হোসেন শুটার (৪০), ছোট কামরুল (৩৪), মাছ ব্যবসায়ী লোকমান (৪৫), সজল (৩৫), কালা মিন্টু (৪৫)সহ আরও ১০-১২ জন ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.