বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫ পঞ্জিকা বছরের নিরীক্ষিত (অডিটেড) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। দলটির হিসাবে, গত বছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ১৫৭ টাকা। সব ব্যয় নির্বাহের পর বর্তমানে দলটির তহবিলে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা উদ্বৃত্ত রয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি
দল ইসির জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে দলটির বার্ষিক আর্থিক প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিনিধি দলে বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।
হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে এবং দলও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালত ও নির্বাচন কমিশনের। তিনি এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি।
রিজভী আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, রাজনৈতিক দল হিসেবে সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রিসহ বিভিন্ন উৎস থেকে আয় হয়েছে। অন্যদিকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয় পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রচারপত্র প্রকাশ এবং দুঃস্থ নেতা-কর্মীদের সহায়তাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা তিন বছর এ হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
বিএনপির আয়-ব্যয়ের হিসাব/এলিস
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.