পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে গতকাল রাতে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঁচ শতাধিক আলেম-ওলামা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কুদরত এ খোদা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হযরত রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসাকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে উল্লেখ করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের প্রসঙ্গে তিনি সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন মুসলিম সমাজে প্রচলিত ধারণা ছিল, ১২ রবিউল আউয়াল হযরত রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের দিন। ফলে এ দিনকে ঘিরে তাঁর জন্মদিনের আনন্দ ও তাৎপর্য যথাযথভাবে উদযাপনের সুযোগ থেকে মুসলমানরা বঞ্চিত ছিলেন। তাঁর দাবি অনুযায়ী, শাহ দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিলের ভিত্তিতে রাসুলুল্লাহ (সা.)-এর ওফাত ১ রবিউল আউয়াল এবং জন্ম ১২ রবিউল আউয়াল বলে তুলে ধরেন।
বাংলাদেশে আগে সিরাতুন্নবী পালিত হতো উল্লেখ করে প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, হযরত দেওয়ানবাগী (রহ.)-এর অব্যাহত প্রচেষ্টার ফলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন শুরু করেছে।
তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠিত না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য মহানবী (সা.)-এর প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আগত আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদরা হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরিফ পাঠ করা হয়। শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.