নাইজেরিয়ার সোকোটো রাজ্যের গোরাওতে নৌকাডুবিতে নিহতদের লাশ দাফনের আগে একটি কমিউনিটি মসজিদের প্রাঙ্গণে রাখা হয় |রয়টার্স
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবে অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে নৌকাটি ডুবে যায়। এতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই শিশু।
পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বৃহস্পতিবার (২০ আগস্ট) বিবিসিকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সাথে শিশুরাও নৌকায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রায় ৫০টি লাশ দেখতে পেয়েছেন বলে জানান। অনেক লাশ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে সেগুলো দাফনের প্রস্তুতি নেয়া হয়।
এক স্থানীয় বাসিন্দা জানান, নৌকাটিতে ধান কাটার জন্য নিযুক্ত কৃষক ও শ্রমিকরা ছিলেন এবং ডুবে যাওয়ার সময় এতে ৭০ জনেরও বেশি লোক ছিলেন।
আরেক বাসিন্দা ইউসুফ জানান, প্রায় ৪০ টি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। যাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, এই দুর্ঘটনার সময় নৌকাতে শ্রমিক , কৃষক মালিক ও শিশুরা ছিলেন , এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। তদন্তে মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.