আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন। এই সংসদ অধিবেশন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল বুধবার রাত ১২ টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের নির্দিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত নির্দিষ্ট এলাকাগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত। বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল। রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত পর্যন্ত। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।
নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অধিবেশন চলাকালীন সময়ে এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে বলেও জানায় ডিএমপি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.