পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে এক ব্যক্তির হাত-পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এমরান জানান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আটজনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে তার হাত-পা বেঁধে মারধর করে। পরে লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতরা তার ভাবিকে বারবার দরজা খুলতে বললেও তিনি দরজা না খোলায় তারা ওই কক্ষে প্রবেশ করতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পরিবারটি রক্ষা পেয়েছে।
এমরানের ভাবি সেলিনা বলেন, ভোররাতে ডাকাতরা ভবনের দুই পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সামনের কক্ষে ঢুকে তার দেবরকে বেঁধে মূল্যবান মালামাল লুট করে। পরে বেডরুমে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তার দাবি, ডাকাত দলে অন্তত আটজন সদস্য ছিল এবং তারা পরিকল্পিতভাবে এ ডাকাতি করেছে।
ডাকাতদের বাধা দিতে এগিয়ে আসা এক প্রতিবেশী নারী হামলায় আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সেলিনা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.