রাজধানীতে সক্রিয় একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রের নতুন কৌশলের শিকার হয়েছেন এক গণমাধ্যমকর্মী। পুলিশ কর্মকর্তা সেজে ভিডিও কল দিয়ে মোবাইল নম্বর হ্যাক করার পর ভুক্তভোগীর পরিচিতদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছে চক্রটি।
ভুক্তভোগী সাংবাদিক কাজী আলামিনের অভিযোগ, পুরো ঘটনাটি সাজানো এবং উদ্দেশ্য ছিল আতঙ্ক তৈরি করে আর্থিক প্রতারণা করা। ভুক্তভোগী সাংবাদিক কাজী আলামিন জানান, প্রথমে একটি ভিডিও কল আসে। স্ক্রিনে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায়। কলার নিজেকে উত্তরা থানার পরিদর্শক তদন্ত জাহিদ হিসেবে পরিচয় দেন। খুব রাগান্বিত কণ্ঠে তিনি বলেন, “আপনার নম্বর থেকে ডিসি স্যারকে গালাগালি করা হয়েছে।”
আমি কিছু বুঝে ওঠার আগেই এবং কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়েই কলটি কেটে দেওয়া হয়। কল কাটার পরপরই আমার মোবাইল নম্বরটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। নম্বর হ্যাকের পরপরই চক্রটি আমার সকল পরিচিতদের ফোন করতে শুরু করে। “জরুরী প্রয়োজন” বলে বিভিন্নজনের কাছে টাকাও চাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দুই-একজন অপরিচিত ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলেন, “আলামিন ভাই, আপনি টাকা চেয়েছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি।” বিস্মিত হয়ে আমি তাদের পাল্টা প্রশ্ন করি “আপনারা কারা? আমার মোবাইল তো হ্যাক হয়েছে।” জবাবে তারা বলে, “হ্যাক হয়েছে তো আমরা কী করব? টাকা ফেরত দিন।”
তিনি আরোও জানান, আমি ধারণা করছি যারা টাকা পাঠানোর কথা বলছে তারাও এই চক্রেরই সদস্য। হ্যাকিংয়ের ঘটনাকে ভিন্ন খাতে নিতে এবং আমাকে মানসিক চাপে ফেলতেই এই নাটক সাজানো হয়েছে। এ ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক কাজী আলামিন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে এই ধরনের ভুয়া পুলিশ ও সাইবার প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
পুলিশের নাম ভাঙিয়ে, ভিডিও কলে ভয়ভীতি দেখিয়ে এবং নম্বর হ্যাক করে প্রতারণার এই নতুন কৌশল নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.