নীলফামারীর জলঢাকায় এক অটোরিকশাচালককে পথরোধ করে মারধর, প্রাণনাশের হুমকি এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোরিকশাচালক মো. নাজমুল ইসলাম (৩২)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাইজালী পাড়া এলাকার পাকা রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে খালার বাড়ি জাওয়ার সময় শিমুলতলা এলাকায় অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় রামদা, কুড়াল, ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন নাজমুল।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে অটোরিকশা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরারও অভিযোগ করা হয়েছে। পরে তার পকেটে থাকা ৫১ হাজার টাকা এবং প্রায় ৮১ হাজার টাকা মূল্যের OnePlus 10 Pro 5G মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—জসিনুর রহমান (৩৮), রশিদুল ইসলাম (৩৮), হাসু ইসলাম (৪৫), হাসানুর রহমান (৪৫), মিজান ইসলাম (৪৫) ও শাহিনুর রহমান ওরফে বাবু (৩৫)।
অভিযোগপত্রে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা জসিনুর রহমান বর্তমানে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অটোরিকশাচালককে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। মারধরের ঘটনায় তিনি জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত করা হয় এবং ঘটনার পর থেকে অভিযুক্তদের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জলঢাকা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগে অভিযুক্ত জসিনুর রহমানসহ অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.