রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে রিকশার পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারীর মাথায় হেলমেট ছিল না। ব্যাগের টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।
জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.