হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, সকালে সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে সোহাগের ওপর বিএসএফ গুলি চালায়। খবর পেয়ে স্বজনরা তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিমটিবিল সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তার পোশাক দেখে তিনি বাংলাদেশি বলে ধারণা করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.