রাজধানীর উত্তরায় পৃথক দু'টি হোটেলে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- লি শিংচিয়াং (৪০) ও মি. লি।
শনিবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে দু'জনের মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের’ একটি কক্ষ থেকে লি শিংচিয়াং এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মি. লি এর মরদেহ উদ্ধার করা হয়। মি. লি উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘মেরিনো রয়েল হোটেলের’ ২০৩ নম্বর কক্ষে ছিলেন। উত্তরার দু’টি হোটেল কক্ষ থেকে তথ্য ও আলামত সংগ্রহ করছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট।
পুলিশের জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুজনই অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে মারা যেতে পারেন। এদিকে দুই ঘটনার পর থেকেই তাদের সঙ্গে থাকা মি. চাওইউয়ে ঝাও নামে আরেক চীনা নাগরিক পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের ‘বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষের মেঝেতে চীনা নাগরিক লি শিংচিয়াং পড়ে ছিলেন।
এই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা অন্য তিনজন চীনা নাগরিক— গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল রাতে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর খবরের কাগজকে বলেন, হোটেল থেকে একজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কক্ষে চীনা নাগরিক মদ্যপ অবস্থায় থাকার কিছু প্রমাণ ও আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে চীনা নাগরিক লি শিংচিয়াং এর মৃত্যু হয়ে থাকতে পারে। তিবে ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, এই হোটেলটিতে মদ বিক্রি ও সেবন করার কোনো অনুমোদন ছিল না। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনের ‘মেরিনো রয়েল হোটেলের’ ২০৩ নম্বর রুমে ছিলেন মি. লি নামে আরেক চীনা নাগরিক। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তাকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মেরিনো রয়েল হোটেলের ২০৩ নম্বর রুমটি চীনা নাগরিক মি. চাওইউয়ে ঝাও এর নামে বুক করা ছিল।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, মেরিনা রয়েল হোটেল কর্তৃপক্ষ জানায়, মি. লি অসুস্থতা বোধ করলে ওই হোটেলে অবস্থানরত চীনা নাগরিক শিয়ে আছিং কে জানায়। বিষয়টি সে হোটেল কর্তৃপক্ষকে জানায়। এতে কর্তৃপক্ষের সহযোগীতার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। পরে ওই অ্যাম্বুলেন্সে করে মি. লি-কে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.