যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৬০) তার মেয়ে রোজিনা খাতুনের বাড়িতে বেড়াতে যশোরে আসেন। রোজিনার স্বামী সার্জেন্ট হাবিবুর রহমানের বাড়ি যশোর সদর উপজেলার খয়েরতলা এলাকায়। মঙ্গলবার চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান রাবেয়া খাতুন। এ সময় পেছন থেকে আমেনা খাতুন তার গলায় হাত ঢুকিয়ে স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
বিষয়টি টের পেয়ে রাবেয়া খাতুন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আমেনা খাতুনকে হেফাজতে নেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক আমেনা খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.