আগামী তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি।
গতকাল শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গিয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। তারা অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না। আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের কান্ডারি।
কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এর মাধ্যমে সরকার সবাইকে কঠোর বার্তা দিচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকার কাজ করতে চায়। ঘর থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করতে সরকার ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা ভবিষ্যতে মেনে নেওয়া হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব পালন করছে। একটি ভঙ্গুর দেশ পেয়েছি, তাই সরকারের কাজের সুফল পেতে যৌক্তিক সময় দিতে হবে।
চিফ হুইপ আরও বলেন, সরকার শক্তিশালী না হলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় তাদেরই। বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.