কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের অভিযানে এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ৪ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ২০৩ নম্বর রুমের সামনে ঘটনাটি ঘটে।
সেখানে বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন ৫৫ বছর বয়সী মোছাঃ আছিয়া বেগম। কিন্তু তাকে সরকারি সেবা নিতে বাধা দিয়ে হাসপাতালের সামনে থাকা ‘মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে’ যাওয়ার জন্য জোর-জবরদস্তি করছিলেন দালাল চক্রের সদস্য ইসমাইল হোসেন (৩২)।
রোগীর ভোগান্তি দেখে দায়িত্বরত এপিসি আল মামুন সরকার মিয়া, আনসার সদস্য সাদ্দাম হোসেন ও সঞ্জয় কান্তিপাল অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করেন। সরকারি হাসপাতালের আঙিনায় হয়রানি বন্ধে আনসারদের এই তাৎক্ষণিক ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে।
ঠিক ঐ সময়ে হাসপাতাল পরিদর্শনে আসেন চান্দিনা-৭ আসনের সংসদ সদস্য মোঃ আতিকুল ইসলাম শাওন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মোঃ আরিফুল ইসলাম আরিফ। তাদের জিজ্ঞাসাবাদের মুখে ইসমাইল নিজেই দালাল বলে অপরাধ স্বীকার করেন।
পরবর্তীতে সংসদ সদস্যের আদেশে আনসার সদস্যরা দালাল ইসমাইল হোসেনকে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। দেশের সরকারি হাসপাতালগুলোতে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আনসার বাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.