কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালে তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ও শনিবার (৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে আশাবাড়ি থেকে শশীদল রেলস্টেশনগামী ইটের সলিং রাস্তার তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সেতুর ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ কেজি গাঁজাসহ জান্নাতুল নেছা মৌ (২৪) ও মো. কাওসার আহমেদ ফাহিমকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসিন্দা।
এদিকে শনিবার পৃথক অভিযানে উপজেলার জামতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি আকলিমা (৩০) ও আলামিনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শুক্রবার পরিচালিত আরেক অভিযানে মাদক সেবনের অপরাধে মো. সাইদুল ইসলাম (২০), মো. জাবের (১৯) ও হানিফুল ইসলাম সিহাবকে (২৬) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.