কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র গ্রামের পাঁচটি বাড়িতে হানা দেয়। চোরেরা মূলত নির্মাণাধীন ভবন ও বসতবাড়ি টার্গেট করে ইলেকট্রিক সামগ্রী, তার ও একটি এসি চুরি করে নিয়ে যায়।ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- মো. সিরাজুল ইসলাম বাবু (বাড়ি থেকে একটি এসি চুরি), মো. রুমেল ভূইয়া (নির্মাণাধীন ভবন থেকে ইলেকট্রিক তার চুরি), মো. আমির হোসেন ভূইয়া (ইলেকট্রিক তার চুরি), মো. বিল্লাল হোসেনের ছোট ভাই মমিন (বাড়ি থেকে ইলেকট্রিক তার চুরি) ও মো. ওয়াসিম (বাড়ির ইলেকট্রিক তার চুরি)।চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত রুমেল ভূইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, তাঁর বাড়িসহ ৫ টি বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। তিনি গ্রামের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ একটি চোরচক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ও চোরচক্র শনাক্তের দাবি জানিয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.