'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এই দুই এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.