আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রসঙ্গত, গত ২৩ জুন রিয়া মনির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনসহ উল্লিখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন রিয়া মনিকে। সেই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান অভিযুক্তরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.