সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনিতে (আফটারশক) উদ্ভূত জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে নিরাপত্তাজনিত কারণে আজ রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে সকল আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি গভীরভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের মতামত, পরিকল্পনা ও উন্নয়ন দফতর এবং প্রধান প্রকৌশলীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। তারা জানান, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন এবং সম্ভাব্য সংস্কার অত্যাবশ্যক। এ কারণে হলগুলো খালি রাখা ছাড়া উপায় নেই।
এতে আরও বলা হয়, জরুরি ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.