কক্সবাজারের রামু উপজেলার একটি বসতবাড়ির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে থানা পুলিশের একটি বিশেষ দল। এ সময় ওই বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ঘটনায় জড়িত আয়েশা বেগম (৩৬) নামের পেশাদার এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা এসবি'র অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টার দিকে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল রামু থানা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানার মামলা নং- ৩৬/১২৮, তারিখ: ১৭ ফেব্রুয়ারি-২০২৬, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১/২৬(১) এর ২নং এজাহারনামীয় পলাতক আসামী আব্দুল্লাহ প্রকাশ কালা বদা (৩০), পিতা- জাফর আলম, সাং- পূর্ব ধেচুয়াপালং, মাদ্রাসাপাড়া, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার তার বোন আয়েশা বেগম (৩৬)-এর সহিত পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ করে রেখেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে রামু থানা পুলিশের আভিযানিক দল খুনিয়াপালং ইউপির ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে । তল্লাশীকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়ারের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেট হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং বসতঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে একটি স্পোর্টস ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট স্থানীয় সাক্ষী ও অন্যান্য লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত পেশাদার নারী মাদক কারবারী আয়েশা বেগমে (৩৬) গ্রেফতার করা হয়। তার পিতা- জাফর আলম, মাতা- তৈয়বা বেগম, স্বামী- জিয়াউর রহমান, সাং- ছাদিরকাটা, জিয়াউর রহমানের বাড়ি, ৫নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.