সারাদেশে গত পাঁচ দিনব্যাপী নৌ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার দায়ে ৬৪ জন জেলেকে আটক করা হয়। এ সময় ২৩টি বাল্কহেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত পাঁচ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৩৩০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৪০৯ কেজি মাছ ও ৩০০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১১৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ২৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
নৌ পুলিশের এসপি মারুফা ইয়াসমিন জানান, পাঁচ দিনব্যাপী এই অভিযানে ৬৪ জন আসামী গ্রেফতার করা হয় এবং ১৯টি মৎস্য আইন এবং ৭টি বেপরোয়া গতি আইন মামলাসহ মোট ২৬টি মামলা দায়ের করা হয় এবং ৩(তিন)টি মৃতদেহ উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.