রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালনে অবশেষে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
এর আগে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের ওই অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীদের পুলিশি হেনস্তা ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহবাগে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানা ঘেরাও করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, গত সোমবারের (২৩ ফেব্রুয়ারি) ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করে উৎসুক কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার পরপরই সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশের ওই আচরণের প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.