ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়ালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- মোঃ হাবিবুর রহমান (৫৮) ও মোঃ নাদিম সরকার (৫৩)। শুক্রবার (১ মে) রাত ৮ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ওই মামলার সূত্র ধরে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করে। একই রাত আনুমানিক ৪.০০ ঘটিকায় টঙ্গি স্টেশন রোড এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোঃ নাদিম সরকারকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত নাদিমের তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জ এর মাধ্যমে গ্রেফতারকৃতরা ৯০ হাজার টাকায় এক্সেঞ্জ করে, তা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।



















