রাজধানীর ঢাকার পল্লবী থানা এলাকার পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইচক্রের হোতা শীর্ষ সন্ত্রাসী “মুন্না ওরফে রেড মুন্না (৩৬)” পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় তার কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১০:৫০ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতারে করে। এসময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় আদালতে বিচারাধীন আছে। মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



















