জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে, তবে জাতিসংঘ অধিবেশনের আগে সফরের সম্ভাবনা নেই।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উচিত এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা অব্যাহত থাকবে।
তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে ড. হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বাংলাদেশ যে কোনো নিরাপত্তা জোটে যুক্ত হতে পারে এবং এতে অস্বাভাবিক কিছু নেই।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের চাহিদার কারণেই বোয়িং কেনা হচ্ছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একটি সিন্ডিকেটের কারণে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে।
জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, এই খাতে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যায়। সরকার জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং কাদিপুর গ্রামে একটি নলকূপ উদ্বোধন করেন।



















