দেশের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ৯৯৪ কার্টন অবৈধ সিগারেট, ২৩৮টি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার ও চারটি আইফোন জব্দ করা হয়। এগুলোর মোট মূল্য ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা।
আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আগত একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য জব্দ করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য এগুলো সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সিআইআইডি জানায়, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে।



















