সাজার মেয়াদ শেষ হওয়ায় ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি ৪৯ জন ছাড়াও রয়েছেন-ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।
প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২ (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে।
প্রত্যাবাসন কার্যক্রমে কেএলআইএ-১ ও কেএলআইএ-২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে।
জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজার মেয়াদ শেষ হওয়া বিদেশিদের অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়।



















