সাভারে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাভার সিটি সেন্টারের পরিচালক ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে তিনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেন।
আজ সকালে সাভার সিটি সেন্টার মার্কেটের প্রধান গেটের সামনে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কনকনে শীতে কষ্টে থাকা শ্রমজীবী মানুষ, বয়স্ক ও অসহায়দের হাতে তিনি নিজ হাতে কম্বল তুলে দেন।
এ সময় বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় এবং এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই শীতে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। তারা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কম্বল বিতরণ কর্মসূচিতে সাভার সিটি সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















