শুধু মাদ্রাসা নয়, দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। রাজধানীর ডেমরায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
বিএমজিটিএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সমপরিমাণ চিকিৎসা ও বাড়ি ভাড়া নির্ধারণ, দ্রুততম সময়ে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালু, মাদ্রাসার প্রশাসনিক পদসমূহে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং অবিলম্বে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়।



















