লিবিয়ার উপকূলে প্রায় ১০০ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে নৌযান দুটি উল্টে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে এবং মৃতদের মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় সেবাদান নিশ্চিত করে।
ইউরোপে যাওয়ার অবৈধ রুট হিসেবে লিবিয়া দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জড়িয়ে পড়ায় কয়েক লাখ অভিবাসীর ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। বর্তমানে লিবিয়ায় আট লাখের বেশি অভিবাসী অবস্থান করছে বলে ধারণা করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, লিবিয়ায় অভিবাসীরা নিয়মিতভাবেই নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়। ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসন রোধে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও ওই বাহিনীর সঙ্গে নির্যাতনে জড়িত মিলিশিয়াদের সম্পর্ক নিয়ে উদ্বেগ রয়েছে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমিয়ে দেওয়ায় সমুদ্রযাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এবং বেসরকারি সংগঠনগুলোও বিভিন্ন সীমাবদ্ধতার মুখে কাজ করছে।



















