কাল লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। দেশটির আমিরও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সংবাদমাধ্যমকে এই সম্ভাবনার কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
এদিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকালে কাতার জানায়, তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন। তখনই কাতার তাদের ‘ইতিবাচক মনোভাবের’ কথা জানায়। আজ সেই সহযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন।



















